দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা
চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মেসার্স ‘শাহীন স্টোর’-এর স্বত্বাধিকারী ও তাঁর ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ব্যবসা সংক্রান্ত লেনদেন ও পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের একটি আদালতে এই মামলা করেন এক ব্যবসায়ী।
অভিযুক্তরা হলেন—দিনাজপুর পৌর এলাকার সুইহারী (পুরাতন বাসস্ট্যান্ড) নিবাসী মৃত সাজেদুল আবেদীন ওরফে শাহীনের তিন ছেলে এবং মেসার্স শাহীন স্টোরের স্বত্বাধিকারী মো. মশিউর রহমান সুমন (২৯), মো. মোস্তাফিজুর রহমান সম্রাট (৩১) ও মো. মোকলেছুর রহমান অপূর্ব (২৭)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে দিনাজপুরের মেসার্স শাহীন স্টোরের সঙ্গে চট্টগ্রামের খাতুনগঞ্জ ও লামাবাজার এলাকার মেসার্স ‘শফি ট্রেডার্স’-এর ব্যবসায়িক লেনদেন চলে আসছিল। পূর্বপরিচিতি ও বিশ্বাসের সুবাদে ২০১৯ সালের ৭ অক্টোবর এবং পরবর্তীতে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর বিভিন্ন পণ্য সরবরাহ ও লেনদেনের মাধ্যমে শাহীন স্টোরের কাছে শফি ট্রেডার্সের মোট ১ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৬০৫ টাকা পাওনা হয়। দীর্ঘ দিন ধরে এই টাকা পরিশোধের তাগাদা দেওয়া হলেও অভিযুক্তরা নানা টালবাহানা শুরু করেন।
পরবর্তীতে টাকা আদায়ে ব্যর্থ হয়ে এবং প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী মেসার্স শফি ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহ জামাল আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। এর ধারাবাহিকতায় গত ২০২৬ সালের ১৩ জানুয়ারি তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন (সি.আর মামলা নম্বর: ১৫৯/২৬)।
মামলার বাদী মোহাম্মদ শাহ জামাল অভিযোগ করেন, অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের পাওনা টাকা আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে এ প্রতারণা করেছে। তিনি আদালতের মাধ্যমে এই অর্থ উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মেসার্স শাহীন স্টোরের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার পর অভিযুক্তরা গত ১৫ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রাম আদালত থেকে জামিন লাভ করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী এই মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।
৫ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৯ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে