শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে ভারুয়া বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। তিনি ওই মসজিদের বর্তমান সভাপতি এবং নলকুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজা উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন আবু সালেহ আহমেদ। তবে তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তাঁর অনুসারীদের আপত্তি ছিল।
শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মতিনের পক্ষের লোকজন সালেহ আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৭ ঘন্টা ১৭ মিনিট আগে