কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্য এবং “স্বপ্নের পথে, বিজয়ের সাথে”—স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শুরু হয়েছে উদীয়মান শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) -এর উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা।
৫ নভেম্বর বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে স্থানীয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি কানেক্টেড হয়ে পজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। কুলিয়ারচর থানা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও ক্রীড়ানৈপুণ্যে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হচ্ছে। এ উদ্যোগ ভবিষ্যতে জাতীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জিন্নাত সুলতানা সুরভী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আলী জিন্নাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর মো. কবির, আনসার-ভিডিপি কমান্ডার মো. ছিদ্দিকুর রহমান।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা ও সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হাসান নাজিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন আল রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টির এ উদ্যোগ কুলিয়ারচরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার করেছে।