জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। দলের রাজনৈতিক অবস্থান, আদর্শিক বিচ্যুতি এবং জামায়াতে ইসলামীর সাথে জোট গঠনের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের পর দল ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পদত্যাগের কথা জানান সামান্তা শারমিন। তিনি দাবি করেন, দলকে তার প্রতিষ্ঠাকালীন মূল্যবোধে ফিরিয়ে আনতে প্রায় এক বছর ধরে চেষ্টা করেও সফল হননি।
পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি।’
জামায়াতে ইসলামীর সাথে জোট গঠনের বিষয়ে শুরু থেকেই নিজের আপত্তির কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় এক বছর আগে এ প্রশ্নে দলের অবস্থানের বিরোধিতা করেছিলেন। জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় বলে মনে করেন তিনি। একই সাথে এ ধরনের জোটের জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছিলেন।
সামান্তা শারমিন জানান, গত ১১ মাসে দলের অতীত কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি দলীয় ফোরামে আলোচনা, বিতর্ক ও মতাদর্শিক সংগ্রামের মাধ্যমে দলের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, কোনো রাজনৈতিক দল ভুল পথে গেলে সেই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা একজন সদস্যের দায়িত্ব। এ কারণেই দল ছেড়ে দেওয়ার পরিবর্তে এতদিন সংগঠনের ভেতরে থেকে মতাদর্শিক সংগ্রাম চালিয়ে গেছেন তিনি।
তবে দীর্ঘ প্রচেষ্টার পর এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আস্থা হারিয়েছেন সামান্তা শারমিন। তিনি বলেন, ‘আজ প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি ঘোষণা করলাম, কারণ এনসিপির পক্ষে তার দলের প্রারম্ভের মূল্যবোধের প্রতি আর আন্তরিক হওয়া সম্ভব বলে মনে করি না।’
পদত্যাগের সময় নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। সামান্তা শারমিনের মতে, দল ভবিষ্যতে জামায়াতের সাথে জোট ভেঙে দেওয়ার মতো সিদ্ধান্ত নিলেও প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি তৈরি করতে পারবে না।
তিনি আরও বলেন, ‘দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনোই রাষ্ট্রের নতুন ব্যবস্থা আনার জন্য সহায়ক হবে না, বরং বাধা হয়ে দাঁড়াবে।’
এদিকে দলীয় নেতৃত্বের সাথে দীর্ঘদিনের মতপার্থক্য এবং অভ্যন্তরীণ আলোচনার বিষয়গুলো প্রকাশ্যে আনার কথাও জানিয়েছেন সামান্তা শারমিন। এসব বিষয়ে দলের সদস্যদের পাশাপাশি দলীয় কাঠামোর বাইরের শুভানুধ্যায়ীদেরও বিস্তারিত জানাতে চান তিনি।
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ ঘন্টা ২০ মিনিট আগে