কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুরে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আলতাফ মোড়ল, লোকমান মোড়ল, আক্কাস আলী ও জিয়াদ আলী গাজীর বিরুদ্ধে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, মসজিদ কমিটির সদস্যদের হয়রানি এবং তাঁদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তোলা হয়। এ সময় এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, কাগজপত্র অনুযায়ী মসজিদের মোট জমির পরিমাণ ২৩ শতাংশ হলেও বর্তমানে মসজিদ কর্তৃপক্ষের দখলে রয়েছে মাত্র ১১ শতাংশ। এর মধ্যেও দখলে থাকা জমির একটি অংশ কৌশলে দখলের চেষ্টা করছেন আলতাফ মোড়ল ও তাঁর সহযোগীরা। মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁদের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতে পাঁচটি মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
বক্তাদের দাবি, আলতাফ ও লোকমান মোড়লদের দীর্ঘদিনের চলাচলের পথ এখনো সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে এবং তাঁদের চলাচলে কোনো বাধা নেই। এরপরও সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে চলাচলের পথ বন্ধের অভিযোগ প্রচার করা হচ্ছে। তাঁদের অভিযোগ, চলাচলের পথকে অজুহাত হিসেবে ব্যবহার করে মসজিদের জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদ, সহসভাপতি আস ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুল খালেকসহ স্থানীয় মুসল্লিরা।
মানববন্ধন থেকে মসজিদের জমি নিয়ে বিরোধের সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান, দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক মর্যাদাহানির অপচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৯ মিনিট আগে
২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৪ ঘন্টা ১১ মিনিট আগে
৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ ঘন্টা ৪৮ মিনিট আগে