দ্রব্যমূল্যের এই বাজারে সংসার চালাতে চাই একটু বুদ্ধি, পরিকল্পনা আর সঞ্চয়ের অভ্যাস। এখনকার বাজারে আয় যা-ই হোক, মাসের খরচ সামলানো যেন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। মাসের শুরুতে অনেক পরিকল্পনা থাকে, কিন্তু বাজার, বিল, ওষুধ, সন্তানদের খরচ আর নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে কিনতে কখন যে টাকা শেষ হয়ে যায়, বোঝাই যায় না। মাস শেষ হওয়ার আগেই শুরু হয় হিসাব মেলানোর দুশ্চিন্তা।
তবুও কিছু অভ্যাস বদলালে সংসারের খরচ কিছুটা কমানো সম্ভব।
অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সংসার গুছিয়ে রাখার ১০টি উপায়—
১. আয় বুঝে খরচের পরিকল্পনা করুন। মাসের শুরুতেই কোন খাতে কত টাকা খরচ করবেন, তা ঠিক করে রাখুন। আগে প্রয়োজনীয় খরচ, পরে শখের খরচ।
২. বাজারে যাওয়ার আগে তালিকা তৈরি করুন। যা প্রয়োজন শুধু তা-ই কিনুন। দোকানে গিয়ে হুটহাট কেনাকাটা করলে বাজেট নষ্ট হয়। প্রয়োজন ছাড়া ঋণ ও কিস্তির বোঝাও বাড়াবেন না।
৩. সপ্তাহের রান্নার পরিকল্পনা রাখুন। আগে থেকেই খাবারের মেনু ঠিক করলে বাজারের পরিমাণ বুঝতে সুবিধা হয়। ঘরে থাকা জিনিস ব্যবহার করে রান্না করলে খাবার নষ্ট কম হবে, খরচও বাঁচবে।
৪. ঘরের খাবারকে প্রাধান্য দিন। প্রতিদিন রেস্টুরেন্ট বা অনলাইন থেকে খাবার অর্ডার না করে ঘরে রান্না করা খাবার খাওয়ার অভ্যাস করুন। এতে টাকা বাঁচবে, খাবারের মানও নিজের নিয়ন্ত্রণে থাকবে।
৫. বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সচেতন হোন। প্রয়োজন ছাড়া লাইট, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্র চালিয়ে রাখবেন না। ছোট ছোট অপচয় বন্ধ করলেও মাস শেষে তার প্রভাব বোঝা যায়।
৬. পানির অপচয় রোধ করুন। পানি ব্যবহারে সচেতন হোন। অপ্রয়োজনে কল চালু রাখা কিংবা অতিরিক্ত পানি খরচ করার অভ্যাস বাদ দিন।
৭. অফারের ফাঁদে পড়ে কেনাকাটা করবেন না। কম দামে পাওয়া যাচ্ছে বলে কোনো জিনিস কিনতেই হবে, এমন নয়। প্রয়োজন না থাকলে ছাড়ের পণ্যও আপনার জন্য বাড়তি খরচ।
৮. পুরোনো জিনিস ফেলে নতুন কেনার অভ্যাস কমান। কাপড়, আসবাবপত্র ও ঘরের জিনিস যত্ন করে ব্যবহার করুন। মেরামত করা সম্ভব হলে নতুন কেনার আগে মেরামতের কথা ভাবুন।
৯. প্রতিদিনের খরচের হিসাব রাখুন। বড় খরচের পাশাপাশি ছোট খরচও লিখুন। প্রতিদিনের চা, নাশতা, যাতায়াত কিংবা টুকিটাকি কেনাকাটার হিসাব রাখলে অজান্তে টাকা খরচ হওয়ার অভ্যাস কমবে।
১০. পরিবারের সবাই মিলে সঞ্চয় করুন। সংসার একজনের নয়, তাই সাশ্রয়ের দায়িত্বও সবার। আয় হাতে আসার পর সামর্থ্য অনুযায়ী কিছু টাকা আলাদা রাখুন। অল্প অল্প করে জমলেও একসময় সেটাই বিপদের দিনে ভরসা হয়ে দাঁড়াবে।
সংসারে সাশ্রয় মানে নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করা নয়। সাশ্রয় মানে কোথায় খরচ করা জরুরি আর কোথায় অপচয় হচ্ছে, সেটা বুঝতে শেখা। পরিবারের প্রয়োজন মিটিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী একটু আনন্দ, একটু স্বস্তি আর কিছু সঞ্চয় রাখার চেষ্টা করা।
আয়ের পাশাপাশি রিজিকের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। ফরজ ইবাদতে যত্নশীল হোন, কুরআন তিলাওয়াত করুন, হালাল রিজিকের চেষ্টা করুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন।সব সংসারে আয় সমান নয়, কিন্তু সচেতনতা, পরস্পরের সহযোগিতা আর বরকত থাকলে অল্প আয়েও সংসার অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়।
২ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
২২ দিন ২০ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৩ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
২৪ দিন ৩০ মিনিট আগে
২৪ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
৩১ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে