ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণ পাগলা উপজেলার কাউরাইত বাজারে সংবাদের তথ্য অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মোঃ মতিউর রহমান ও স্বাধীন বাংলার প্রধান সম্পাদক সালাহ উদ্দিন মিঠু। এ সময় তাঁদের বহনকারী গাড়ি ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগত ৯ হাজার টাকা, এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
তাদের আটক করে জোরপূর্বক হামলা ও বিভিন্ন ঘটনার সাজিয়ে ভিডিও ধারন করে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মতিউর রহমান অভিযোগ করে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাজহারুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে তাঁরা সরেজমিনে অনুসন্ধানে যান। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় পর্যায়ে ওই কর্মকর্তার অবৈদ সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহের সময় তাঁর ছোট ভাই স্বপন মেম্বারসহ ১৫ থেকে ২০ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।
এ সময় তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রাণনাশের চেষ্টা ও গুম করার চেষ্টা করেন। সাংবাদিদের উপর হামলার সময় ঢাকা থেকে রাজস্ব কর্মকর্তা মাজাহারুল তার মোবাইল থেকে ফোনে তার ভাইকে নির্দেশ দেন। যাহা মোবাইল রেকর্ড যাচাই করলেই তথ্য প্রমাণ পাওয়া যাবে।
পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে প্রাথমিক চিকিৎসা নেন দুই সাংবাদিক ।
উল্লেখ্য, রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাজহারুলের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মাজহারুল ইসলাম ও তার পরিবার আওয়ামী লীগের শাসন আমলে সাবেক সংসদ সদস্য বাবেলের অনুসারী ছিলেন। এলাকায় সন্ত্রাস রাজত্ব করতেন তার ভাই মেম্বার স্বপন।
এ বিষয়ে মাজারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, কখন হামলা হয়েছে, আমি তো কিছুই জানিনা।
এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখা। সংগঠনের সভাপতি ইয়াহিয়া আরিফুল ও সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বি এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আহত সাংবাদিকদের খবর পেয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাঁদের দেখতে যান। এ সময় তিনি বলেন, “অনুসন্ধানী সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণনাশের হুমকির মুখে পড়তে হবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপার এবং দক্ষিণ পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে বিষয়টি অবহিত করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।
খায়রুল আলম রফিক অভিযোগ করেন, হামলার সময় দুইজন সুনামধন্য অনুসন্ধানী সাংবাদিকের জাতীয় পরিচয়পত্র, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়া হয়েছে। এসব কাগজপত্র দ্রুত উদ্ধার করে তাঁদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে অনুসন্ধানী সাংবাদিকতা করার পরিবেশ বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুণ্ঠিত কাগজপত্র উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আরও বড় ধরনের উদ্বেগ তৈরি হবে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ জানিয়েছে, অনুসন্ধানী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সংগঠনটি প্রয়োজনীয় প্রতিবাদ ও আইনগত পদক্ষেপের বিষয়ে সোচ্চার থাকবে।
১৮ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ২৭ মিনিট আগে