পেশাগত দায়িত্ব পালনকালে চার সংবাদকর্মীকে হেনস্তা, অশালীন আচরণ এবং আটকে রাখার হুমকি দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) আবুল কালামকে আগামী সাত দিনের মধ্যে কর্মস্থল থেকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য সংগ্রহের কাজে সদর পৌর ভূমি অফিসে গেলে নায়েব আবুল কালাম চার সাংবাদিকের সাথে চরম অপেশাদার ও মারমুখী আচরণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের অফিসে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো গুরুতর হুমকি দেন বলে অভিযোগ ওঠে। বক্তারা বলেন, একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে বহিরাগতদের অবাধ বিচরণ ও দাপ্তরিক নথিপত্র নিয়ে নানা প্রশ্ন থাকলেও সাংবাদিকদের প্রবেশে বাধা ও হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। সেগুলো হলো— অভিযুক্ত নায়েব আবুল কালামকে অবিলম্বে কর্মস্থল থেকে প্রত্যাহার করা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী সাংবাদিকদের কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা।
কর্মসূচিতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, “গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ করে আইনগত পদক্ষেপ না নেওয়া হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
১০ ঘন্টা ২০ মিনিট আগে
১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১০ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে