আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলায় কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন এলাকায় প্রায় ৩৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিজিবি বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত—মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার—নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি পেশাদার বাহিনী। সীমান্ত ব্যবস্থাপনা একটি নিরবচ্ছিন্ন ও ২৪ ঘণ্টাব্যাপী প্রক্রিয়া। সীমান্ত রক্ষার পাশাপাশি জনগণকে একটি ভয়মুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বিজিবি রেকর্ড সংখ্যক ফোর্স ডিপ্লয়মেন্টের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আরও জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সাতক্ষীরা, কালিগঞ্জ ও শ্যামনগরসহ সংশ্লিষ্ট ৩টি জেলার ২১টি উপজেলার ১২টি সংসদীয় আসনে বিজিবি দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে সর্বোচ্চ ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকাগুলোতে ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড মোতায়েন করা হবে বলে জানান তিনি। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে, যা নির্বাচনী পরিবেশকে আরও স্বচ্ছ ও নিরাপদ করবে।
লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সাতক্ষীরার দায়িত্বপূর্ণ উপজেলাগুলোতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সরকার নির্দেশিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ পারাপার, অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও জানান, ২০২৫ সালের ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন ৩টি জেলার সকল উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য প্রয়োজনীয় রেকি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আজ ২৯ জানুয়ারি থেকে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে। মোতায়েনের শুরু থেকেই বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভোটারদের জন্য নিরাপদ, শান্ত ও ভয়ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।
শেষে লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সরকারের নির্দেশনা ও নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। জনগণের ভোটাধিকার ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি তার দায়িত্ব অব্যাহত রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
২ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে