সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) সংসদীয় আসনে এক সংসদ সদস্য পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যাত্রীবাহী ইজিবাইকে রঙিন ব্যানার লাগিয়ে প্রকাশ্য প্রচারণা চালানো হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রবিউল বাসারের ছবি ও প্রতীকসংবলিত ব্যানার বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে কালিগঞ্জ উপজেলার রতনপুর সড়কে চলাচলরত একাধিক ইজিবাইকে দেখা যায়। শুধু রতনপুর নয়, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও একই ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ইজিবাইকের মতো যাত্রীবাহী যানবাহনে ব্যানার লাগিয়ে প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এতে একদিকে যাত্রীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে নির্বাচন কমিশনের নির্দেশনারও লঙ্ঘন হচ্ছে। বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৮ ডিসেম্বর কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।
সভায় তিনি স্পষ্টভাবে জানান, সড়কের ওপর কোনো ধরনের নির্বাচনী ক্যাম্প, গেট, প্যান্ডেল কিংবা আলোকসজ্জা স্থাপন করা যাবে না। এছাড়া দেয়াল লিখন, পোস্টার লাগানো, গাছ বা যানবাহনে পোস্টার ও ব্যানার ঝোলানো সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ তিনটি মাইক ব্যবহার করা যাবে এবং তা অবশ্যই বিকেল ২টা থেকে রাত ৮টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে বলেও সভায় জানানো হয়। এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী বা দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে