খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোতালেব সিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য হামলাকারীরা যেন সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সাতক্ষীরার পুরো সীমান্তজুড়ে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে কঠোর নজরদারি, তল্লাশি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় সংঘটিত গুলিবর্ষণের ঘটনার পরপরই সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। খুলনা থেকে সাতক্ষীরায় প্রবেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগপথে যৌথ বাহিনীর চেকপোস্ট বসানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হয়।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কসহ বিভিন্ন প্রবেশদ্বারে এবং সীমান্তসংলগ্ন এলাকায় মোট ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত টহলের পাশাপাশি যুক্ত করা হয়েছে ৮৭টি বিশেষ টহল দল। সড়কপথের পাশাপাশি নৌপথ ও দুর্গম সীমান্ত এলাকাতেও নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।
বিশেষ গুরুত্ব দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী ও পণ্যবাহী সকল যানবাহনে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরে সাধারণ জনগণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় কৃষিকাজ ও স্বাভাবিক চলাচলেও সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন শাদমান সাকিব বলেন, এনসিপি নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানার সঙ্গে সঙ্গেই সাতক্ষীরার সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। জেলা শহরের প্রবেশদ্বার বিনেরপোতা, বাঁকাল, ঝাউডাঙ্গা, সাতানী মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। সীমান্ত অতিক্রম ঠেকাতে পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা ঘটনার বিষয়ে দ্রুত নিকটস্থ থানা, বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
৩ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে