সাতক্ষীরা সদর উপজেলার ১৪নং ফিংড়ি ইউনিয়নে সরকারি পানি সংরক্ষণ প্রকল্পের নামে চলছে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় না রেখে নিজের প্রভাব ও রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন।
উপকূলীয় বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় সরকার নির্ধারিত ফি ১ হাজার ৫০০ টাকা হলেও চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় ওয়ার্ড মেম্বারদের মাধ্যমে প্রতি ট্যাংকির জন্য ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিমুলবাড়িয়া গ্রামের ভক্তরাম মণ্ডল ও গাভা গ্রামের মনিরুল ইসলাম বলেন, সরকারি ফি ১৫০০ টাকা হলেও আমাদের কাছ থেকে ৩৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। টাকা না দিলে ট্যাংকি দেওয়া হয়নি।
সরেজমিন তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দেখা যায়, চেয়ারম্যান লুৎফর রহমান শুধুমাত্র অতিরিক্ত টাকা আদায়ই করেননি, বরং ট্যাংকি বিতরণে স্পষ্ট পক্ষপাতিত্ব করেছেন। তার ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী ও আওয়ামী লীগ পরিবারের সদস্যরাই এই প্রকল্পের মূল সুবিধাভোগী হয়েছেন।
২০২৪-২৫ অর্থবছরে ফিংড়ি ইউনিয়নের ২০৪ জন উপকারভোগীর মধ্যে প্রায় ২০% ছিলেন সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তি। স্থানীয় ধনী ব্যক্তি মাসুম বিল্লাহ (পিতা: মোঃ আব্দুল সালাম ঢালী, ফিংড়ি) বিনা প্রয়োজনে ট্যাংকি পেয়েছেন চেয়ারম্যানের ‘বিশেষ বরাদ্দে’। অন্যদিকে, প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের ট্যাংকি পেতে হয়েছে ঘুষ দিয়ে।
গ্রামবাসীর অভিযোগ, চেয়ারম্যানের লোক না হলে বা টাকা না দিলে ট্যাংকি পাওয়া যায় না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, এই নিউজটা করার দরকার নেই। নিউজটা বন্ধ রাখেন। তবে তিনি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।
স্থানীয় সাধারণ জনগণ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের প্রকল্প গরিবের কল্যাণে হলেও চেয়ারম্যানের এমন কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারা দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিশ্লেষকরা মনে করেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে এই ধরনের দুর্নীতি কেবল ফিংড়ি নয়, পুরো সাতক্ষীরা জেলাজুড়ে ছড়িয়ে পড়বে। উপকূলীয় জনগণের বিশুদ্ধ পানি নিশ্চিতের লক্ষ্যে গৃহীত প্রকল্প যেন দুর্নীতির শিকার না হয় এখন সেই দাবি উঠেছে সর্বমহলে।
৩ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে