প্রেমের গল্প পৃথিবীর প্রায় সব জনপদেই আছে। তবে কোনো প্রেমকাহিনি যখন শত শত বছর ধরে মানুষের মুখে মুখে টিকে থাকে, তখন তা আর শুধু দুজন মানুষের ভালোবাসার গল্প থাকে না—হয়ে ওঠে একটি জনপদের লোকঐতিহ্য।
মাগুরার শালিখা উপজেলার ধোপাখালী গ্রামের চণ্ডীদাস-রজকিনীর প্রেমকাহিনিও তেমনই এক লোকগাথা। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, প্রায় সাতশ বছর আগে এই জনপদে জন্ম নিয়েছিল তাদের প্রেমের কাহিনি। প্রেমের সেই গল্প আজও মানুষের মুখে মুখে ফিরলেও হারিয়ে গেছে স্মৃতিবিজড়িত ঘাটের পুরোনো চেহারা। সময়ের স্রোতে সেখানে এখন পড়ে আছে কেবল ম্লান স্মৃতিচিহ্ন।
মাগুরা জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ধোপাখালী গ্রাম। স্থানীয়দের কাছে এখানকার একটি স্থান ‘চণ্ডীদাস-রজকিনী ঘাট’ বা ‘দুয়া’ নামে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই স্থানকে ঘিরেই প্রচলিত হয়ে আসছে মধ্যযুগীয় কবি চণ্ডীদাস ও রজকিনীর প্রেমকাহিনি।
স্থানীয়দের ভাষ্য, একসময় এই এলাকায় নদীর তীরে ছিল সেই ঘাট। নদীর গতিপথ বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেছে ঘাটের চেহারাও। এখন আর আগের মতো নদী কিংবা ঘাটের অস্তিত্ব নেই। স্থানীয়ভাবে ‘দুয়া’ নামে পরিচিত জায়গাটিকেই চণ্ডীদাসের কথিত মাছ ধরার স্থান হিসেবে দেখিয়ে থাকেন তাঁরা।
জনশ্রুতি অনুযায়ী, ঘটনাটি ১৪ শতকের শেষভাগের। চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণ পরিবারের সন্তান। আর রজকিনী ছিলেন ধোপা পরিবারের মেয়ে। ভিন্ন সামাজিক ও জাতিগত পরিচয়ের কারণে তাদের সম্পর্ক ছিল তৎকালীন সমাজব্যবস্থার চোখে অসম্ভব এক ভালোবাসা।
কথিত আছে, তাদের দুই পরিবারের বাড়ির মাঝ দিয়ে তখন একটি নদী প্রবাহিত ছিল। রজকিনী প্রতিদিন নদীর ঘাটে কাপড় ধুতে আসতেন। আর তাকে একনজর দেখার জন্য চণ্ডীদাস মাছ ধরার অজুহাতে নদীর অপর পাড়ে বসে থাকতেন। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়। স্থানীয় লোককথা বলছে, দীর্ঘ প্রায় ১২ বছর রজকিনীর অপেক্ষায় নদীর পাড়ে বসেছিলেন চণ্ডীদাস।
একদিন রজকিনী তাকে প্রশ্ন করেন, ‘বড়শিতে কি মাছ ধরে?’ চণ্ডীদাসের উত্তর ছিল—দীর্ঘ অপেক্ষার পর এই প্রথম বড়শিতে মাছের টোকা লেগেছে। স্থানীয়ভাবে প্রচলিত আছে, এই কথোপকথনের মধ্য দিয়েই তাঁদের সম্পর্কের সূচনা। এরপর ধীরে ধীরে তা গড়ায় গভীর প্রেমে।
কিন্তু সেই প্রেম সহজ ছিল না। জাতপাত ও সামাজিক বিভাজনের কারণে তাদের সম্পর্ক মেনে নেয়নি তৎকালীন সমাজ। লোককাহিনি অনুযায়ী, সামাজিক বিরোধিতা একপর্যায়ে এতটাই তীব্র হয়ে ওঠে যে তারা এলাকা ছেড়ে ভারতের বাঁকুড়া জেলার ছাতনা এলাকায় চলে যান। পরে তাদের বৃন্দাবনে যাওয়ার কথাও লোকমুখে শোনা যায়। এরপর তাদের জীবনের ধারাবাহিক ও নির্ভরযোগ্য তথ্য খুব বেশি পাওয়া যায় না।
এখানেই রয়েছে ইতিহাস ও লোককথার বড় প্রশ্ন। বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ কবি চণ্ডীদাসের পরিচয় ও জীবনকাল নিয়েও গবেষকদের মধ্যে দীর্ঘদিন ধরে মতভেদ রয়েছে। ‘চণ্ডীদাস’ নামে একাধিক কবির উল্লেখ পাওয়া যায়। ফলে শালিখার ধোপাখালী গ্রামের চণ্ডীদাস-রজকিনীর কাহিনির সঙ্গে মধ্যযুগের কবি চণ্ডীদাসের সম্পর্ক কতটা ঐতিহাসিক, সেটিও গবেষণার বিষয়।
তবে নির্ভুল ঐতিহাসিক দলিল না থাকলেও স্থানীয় মানুষের কাছে এ কাহিনি নিছক গল্প নয়। এটি তাঁদের কাছে প্রজন্মের পর প্রজন্ম ধরে পাওয়া একটি লোকঐতিহ্য। স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলা থেকেই তাঁরা বাবা-দাদা ও এলাকার বয়োজ্যেষ্ঠদের মুখে চণ্ডীদাস-রজকিনীর প্রেমের গল্প শুনে আসছেন। একই ধারায় আজও নতুন প্রজন্মের কাছে পরিচিত হয়ে উঠছে সেই প্রেমগাথা।
সরেজমিনে দেখা যায়, কথিত চণ্ডীদাস-রজকিনী ঘাটের সেই পুরোনো পরিবেশ আর নেই। নদীর গতিপথ পরিবর্তনের কারণে বদলে গেছে পুরো এলাকার দৃশ্যপট। একসময় যেখানে নদী ও ঘাট ছিল, সেখানে এখন জলধারা ও নিচু জমি। স্মৃতির সঙ্গে টিকে থাকা স্থানটিও রয়েছে অনেকটা অযত্নে।
স্থানীয়দের অভিযোগ, একসময় প্রশাসনের উদ্যোগে এখানে একটি নামফলক বসানো হলেও দীর্ঘদিন ধরে এই ঐতিহাসিকভাবে কথিত স্থানটির সংরক্ষণে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে মুছে যাচ্ছে স্মৃতিচিহ্ন। এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে চণ্ডীদাস-রজকিনীর এই লোককাহিনির সঙ্গে যুক্ত স্থানটির অস্তিত্বও হয়তো কেবল গল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যাচাই করে জায়গাটিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। তাদের মতে, এখানে একটি দৃষ্টিনন্দন পাকা ঘাট, চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিফলক, বসার স্থান, হাঁটার পথ ও তথ্যসমৃদ্ধ ফলক নির্মাণ করা গেলে এটি মাগুরার একটি সম্ভাবনাময় সাংস্কৃতিক পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।
একই সঙ্গে গবেষণার মাধ্যমে এই প্রেমকাহিনির ঐতিহাসিক ভিত্তি যাচাই করা জরুরি বলে মনে করেন সচেতন মহল। তাদের মতে, কাহিনিটির কোন অংশ ইতিহাস আর কোন অংশ লোকশ্রুতি—তা স্পষ্ট হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিষয়টি আরও তথ্যভিত্তিকভাবে তুলে ধরা সম্ভব হবে।
এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, চণ্ডীদাস-রজকিনীর ঘটনা মাগুরার সঙ্গে সম্পৃক্ত। তাদের স্মৃতি সংরক্ষণে তেমন কিছু নেই। আমরা বিষয়টি নিয়ে কাজ করব।
স্থানীয় সচেতন মহলের দাবি, চণ্ডীদাস-রজকিনীর প্রেমকাহিনি ইতিহাসের কতটা আর লোকশ্রুতির কতটা, তা গবেষণার মাধ্যমে স্পষ্ট করার পাশাপাশি স্থানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। এতে একদিকে যেমন হারিয়ে যাওয়া লোকঐতিহ্য রক্ষা পাবে, অন্যদিকে নতুন প্রজন্ম জানতে পারবে এই জনপদের শত শত বছরের পুরোনো প্রেমগাথা।
তাঁদের প্রত্যাশা, মুছে যাওয়ার আগেই চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিবিজড়িত কথিত ঘাটটি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেবে প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সময়ের স্রোতে ঘাটের চেহারা বদলে গেলেও মানুষের মুখে মুখে বেচে থাকা এই প্রেমকাহিনির স্মৃতিটুকু যেন হারিয়ে না যায় এটাই এখন স্থানীয়দের প্রত্যাশা।
১৩ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
১৫ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
৩০ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩২ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৯ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪০ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৪১ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
৫৩ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে