মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিজ পরিচালিত বিউটি পার্লার থেকে আল আমিন রাফি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশের আবু বক্কর ভিলায় অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, বন্ধুকে বিদেশে পাঠানোর জন্য ধারদেনা করে দেওয়া প্রায় পাঁচ লাখ টাকা ফেরত না পেয়ে ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
নিহত আল আমিন রাফি প্রয়াত আলাউদ্দিন ও জাহেরা খাতুনের ছেলে। স্থানীয়ভাবে জানা গেছে, একসময় ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপম্যান হিসেবে কাজ করতেন তিনি। প্রায় তিন থেকে চার বছর আগে নিজ এলাকায় ফিরে এসে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। সেখানে কয়েকজন নারীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজেই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন। স্থানীয়রা আরও জানায়, তার জন্মস্থান নরসিংদীর বেলাব উপজেলায়। সে দীর্ঘদিন ধরে ফরিদপুরে তার মাকে নিয়ে বসবাস করে আসছিলেন।
পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, আল আমিন তাঁর এক বন্ধুকে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করেছিলেন। পরে ওই বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে তাঁকে প্রায়ই ফোন করতে দেখেছেন। তবে টাকার সঠিক পরিমাণ তাঁর জানা নেই। তাঁর ভাষ্য, আল আমিনের সঙ্গে কারও বিরোধ ছিল বলে তিনি জানেন না। তবে অর্থসংকট ও দেনা নিয়ে তাঁকে উদ্বিগ্ন থাকতে দেখেছেন।
নিহতের বোন রোহেনা আক্তারের অভিযোগ, নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে গ্রিসে পাঠানোর জন্য তাঁর ভাই বিভিন্ন জায়গা থেকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন। বর্তমানে নাঈম গ্রিসে রয়েছেন। পরিবারের দাবি, গত ২৬ নভেম্বর রাতে আল আমিন তাঁর কাছে পাওনা টাকা ফেরত চেয়ে ফোন করেন। কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় তিনি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দেনা ও আর্থিক চাপের বিষয়টি সামনে এসেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে
১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
২১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে