চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নেন।
মিরসরাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য মো. শেখ ফরিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা জরুরি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন।
মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, শিক্ষানুরাগী সদস্য ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ কমিটির সদস্য শাহীনুল ইসলাম স্বপন এবং আবু দাউদ।
সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দোস্ত মোহাম্মদ। প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম।
সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব, বিদ্যালয় পরিচালনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় বিষয়েও মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাগত বক্তব্য, শিক্ষকদের বক্তব্য ও সার্বিক নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য মো. শেখ ফরিদ। পরে তিনি সংসদ সদস্য নুরুল আমিনের হাতে মানপত্র তুলে দেন। এ সময় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধিত করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১০ ঘন্টা ৫৬ মিনিট আগে