রংপুরের পীরগাছায় প্রায় ৫০-৬০ বছর ধরে জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত একটি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পারুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের ৩৫-৪০টি পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। রাস্তা বন্ধ থাকায় মসজিদ, ঈদগাহ, অ্যাম্বুলেন্স, ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে ও জরুরি প্রয়োজনে যাতায়াতেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের।
এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন উপজেলার পারুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহিষমুড়ি গ্রামের বাসিন্দা আব্দুর রউফ।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, মহিষমুড়ি মৌজার মুছুল্লিপাড়ায় ময়নুলের বাড়ি থেকে মোমেনা বেগমের বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘ ৫০-৬০ বছর ধরে এলাকাবাসী চলাচলের জন্য ব্যবহার করে আসছেন। এ রাস্তা দিয়ে একসময় পাওয়ার টিলার, ট্রাক্টর, গরুর গাড়ি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করত। কৃষিপণ্য পরিবহনেও রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
কিন্তু একই এলাকার শাহাব উদ্দিনের ছেলে রওশন আলী রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচল বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে ওই রাস্তা দিয়ে সাইকেল কিংবা একজন মানুষের হেঁটে চলাচল করাও সম্ভব হচ্ছে না।
আব্দুর রউফ জানান, এলাকায় প্রায় ৩৫-৪০টি পরিবারের বসবাস। রাস্তা বন্ধ থাকায় তাঁদের মসজিদ ও ঈদগাহ মাঠে যেতে প্রায় দুই কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এমনকি তাঁর বড় ভাইয়ের মৃত্যুর পর মরদেহও গাড়িতে করে বাড়িতে আনা সম্ভব হয়নি। বিকল্প পথে প্রায় দুই কিলোমিটার ঘুরে কাঁধে করে মরদেহ আনতে হয়েছে।
তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলে এলাকাবাসীর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়। পরে ইউএনও উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিয়ে শুনানি করেন। সেখানে অভিযুক্ত পক্ষ জমির মালিকানা দাবি করলেও দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেন আবেদনকারী।
আব্দুর রউফ বলেন, ‘আমরা কারও জমি লিখে চাই না। দীর্ঘদিন ধরে যে রাস্তা দিয়ে এলাকার মানুষ চলাচল করে আসছে, সেটি আবারও উন্মুক্ত করে দেওয়ার দাবি জানাচ্ছি। যাতে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ যেকোনো যানবাহন সহজে চলাচল করতে পারে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এলাকাবাসী শহিদুল ইসলাম, শাহাদাত সাদ, শাহ ফরিদ সহ অনেকে দাবি করে বলেন, দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়া হোক, যাতে কয়েক দশক ধরে চলাচলের এই পথটি ব্যবহার করে তাঁরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত রওশন আলী রাস্তা বন্ধের বিষয়টি অস্বীকার করেন।
৮ ঘন্টা ৯ মিনিট আগে
৮ ঘন্টা ১১ মিনিট আগে
৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১ ঘন্টা ৫ মিনিট আগে