প্রকাশের সময়: 12-11-2026 12:05:47 am
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগ সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গঠন ও সহশিক্ষামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা বিভাগ সমিতির সভাপতি ও বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
অনুষ্ঠানে উপাচার্য ও সভাপতির উপস্থিতিতে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সহসভাপতি (ভিপি) মো. আশিক মিয়া এবং সাধারণ সম্পাদক ইয়াছিনুল হাবিব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাফিন আহমেদ ও সদস্য পরশ মনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী এবং সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে।
এ সময় বিদায়ী কমিটির সহসভাপতি (ভিপি) মো. আশিক মিয়া আবেগঘন বক্তব্যে দায়িত্ব পালনকালে সমিতির বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরেন। একই সঙ্গে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন তিনি।
নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) কাজী মো. ইসমাঈল হোসেন বলেন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিভাগের মানোন্নয়নে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, "একটি বিভাগীয় সমিতির কার্যক্রম শুধু আনন্দ-উৎসব বা পিকনিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বিভাগের সামগ্রিক উন্নয়ন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন এবং মেধা বিকাশেও সমিতিকে কার্যকর ভূমিকা রাখতে হবে।"এ জন্য নিয়মিত জব ফেয়ার ও সেমিনার আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন," শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে শুধু শ্রেণিকক্ষের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যবহারিক জ্ঞান, দক্ষতা উন্নয়ন এবং সময়োপযোগী কার্যক্রম বাড়াতে হবে।"
ব্যবস্থাপনা বিভাগ সমিতির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিদায়ী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
১ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ ঘন্টা ৫ মিনিট আগে
১১ ঘন্টা ২ মিনিট আগে
১৩ ঘন্টা ২ মিনিট আগে
১৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে