বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন
হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় কামালখানী গ্রামে শুমারীর উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। ১নং উত্তর-পূর্ব, ২নং উত্তর-পশ্চিম ও ১১নং মক্রমপুর ইউনিয়নে আজ থেকে শুরু হয়েছে শুমারীর কাজ।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ১৫টি ট্যাব আসছে। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নে গণনাকারী ও সুপারভাইজারদের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, ফ্যামিলি কার্ড হচ্ছে, প্রান্তিক, হতদরিদ্র ও নিন্মআয়ের পরিবারগুলোর খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে। আপনারা গণনাকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কোনো প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন প্রমুখ।