দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. শাহ আলম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদারীপুরে জেলা পুলিশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। এতে মানব পাচার ও অভিবাসী চোরাচালান শনাক্তকরণ ও প্রতিরোধ, বিদ্যমান আইনি কাঠামো এবং আইন কার্যকরভাবে প্রয়োগের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেন, মানব পাচার প্রতিরোধে জেলা পুলিশ একটি বিশেষ সেল গঠন করেছে। দীর্ঘদিন ধরে সক্রিয় পাচারকারী ও দালাল চক্রের প্রলোভনে পড়ে মাদারীপুরের অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। অনেকে আবার বিদেশে গিয়ে কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন।
তিনি বলেন, সাগরপথে ইউরোপে যাওয়ার প্রবণতা সাম্প্রতিক সময়ে মাদারীপুরে গভীর সামাজিক ও মানবিক সংকট তৈরি করেছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত দালালদের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে।
মানব পাচার প্রতিরোধ আইন বিষয়ে প্রশিক্ষণ দেন অ্যাডভোকেট ফিরোজ মাহমুদ খান ও অ্যাডভোকেট মো. সালাউদ্দিন খান। অ্যাডভোকেট ফিরোজ মাহমুদ বলেন, কোনো একক সংস্থার পক্ষে মানব পাচার ও অভিবাসী চোরাচালান পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। আন্তসীমান্ত এ অপরাধ দমন এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন, গণমাধ্যম, সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোমেনা আক্তার ভুক্তভোগীদের সুরক্ষা ও সহায়তা এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণে মাদারীপুর জেলায় কর্মরত ৩০ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের মাদারীপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মিতু দেবনাথ। আয়োজকদের পক্ষে বক্তব্য দেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের ম্যানেজার শায়লা শারমিন।
বক্তারা বলেন, পাচার ও শোষণের শিকার ব্যক্তিদের মনস্তাত্ত্বিক, সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ব্র্যাক কাজ করে যাচ্ছে।
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ ঘন্টা ৫৬ মিনিট আগে