আলুর দামে পরিবর্তনের ইঙ্গিত দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন.
জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি সফরে এসেছেন অন্তর্বতীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ শুক্রবার দুপুর পৌনে একটায় তাঁকে বহনকারী হেলিকপ্টার উপজেলার গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আগামী এক মাসের ভেতর আলুর দাম কিছুটা বাড়তে পারে। আমরা আলু রপ্তানীতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানিতে সহযোগিতা করছি। চাহিদা তৈরির চেষ্টা করা হচ্ছে। এছাড়া টিসিবি বাজার থেকেও আলু ক্রয় করা হবে। আলু রপ্তানীর লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। এই পদক্ষেপের মাধ্যমে চাষি ও ক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষিত রাখা হবে জানিয়েছেন।
গোপীনাথপুর থেকে দেড় কিলোমিটার দূরে বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার মর্তুজাপুর গ্রামে গিয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জুম্মার নামাজ আদায়ের পর তাঁর শ্বশুর মরহুম আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।
এদিকে বাণিজ্য উপদেষ্টাককে ও হেলিকপ্টার দেখতে উৎসুক লোকজনের ভিড় বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আসছেন এমন খবর বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজানি হয়। সরকারি সফর সূচি অনুযায়ী, বাণিজ্য উপদেষ্টা হেলিকপ্টার আজ শুক্রবার সকাল ১১ টায় গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে অবতরণের কথা। সকাল থেকে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। সকাল দশটার আগেই গণমাধ্যম কর্মীরাও গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে আসেন। তখন থেকেই উৎসুক জনতা গোপীনাথপুর উচ্চবিদ্যালয়ের দুইটি ফটকে বাণিজ্য উপদেষ্টা ও হেলিকপ্টার দেখতে ভিড় করছিলেন। তবে দেড় ঘন্টা বিলম্বে দুপুর পৌনে একটার দিকে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টারটি উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে।