দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত ও খোলা—দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্তে পাঁচ লিটারের বোতলের দামও বেড়েছে ১৫ টাকা। তবে খোলা পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকার পরিবর্তে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকার পরিবর্তে ১৮৮ টাকায় বিক্রি হবে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ১৫ টাকা হয়েছে। অন্যদিকে, খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা থাকছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন ও বাজার পরিস্থিতি পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছিল।
আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার কথা উল্লেখ করে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।
এদিকে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং নির্ধারিত দামের বেশি মূল্যে ভোজ্যতেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
১০ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
২১ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে