চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বীনি খেদমতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে মিরসরাই পৌরসভার উপজেলা রোডে দারুল ইকরা মডেল মাদরাসা সংলগ্ন মাঠে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
দারুল ইকরা মডেল মাদরাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল মসজিদগুলোর ধর্মীয় দায়িত্ব পালনকারী ব্যক্তিদের এ সম্মাননা প্রদান। দ্বীন প্রচার, ইসলামী শিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় দায়িত্ব পালন এবং সমাজের নৈতিক উন্নয়নে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রামগড় কোর্ট মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদি এবং জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর, ফটিকছড়ির মুহাদ্দিস মাওলানা মুফতি শওকত বিন হানিফ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শোয়াইব, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শাহ কাফিল উদ্দিন লতিফি, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, মাওলানা শেখ ফরিদ উদ্দিন ফরাজী ও মাওলানা মো. মিছবাহুল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা আক্তার হোসেন জিহাদি বলেন, মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের দ্বীনি খেদমতের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানো সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগ আলেম-ওলামাদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে ধর্মীয় দায়িত্ববোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এম শাহীন আহমদ বলেন, আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে দারুল ইকরা মডেল মাদরাসার যাত্রা। শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও ইসলামী আদর্শে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করছে। সমাজে দ্বীনি খেদমতে নিয়োজিত ব্যক্তিদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
২ ঘন্টা ১০ মিনিট আগে
২ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৪ ঘন্টা ২২ মিনিট আগে