ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, দেশের ২০ কোটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি স্থাপনাগুলো সুরক্ষিত রাখা এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে একটি দল ক্ষমতায় থেকে দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, জেল-জুলুম, রিমান্ড ও ক্রসফায়ারের মাধ্যমে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করেছিল। এ সময় দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, যার ফলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমাজে বৈষম্য চরম আকার ধারণ করেছিল বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের শাসন-নির্যাতন থেকে মুক্তি এসেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে। তবে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত দলটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
কাজী আলাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সতর্কতা, ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। বিএনপি ফ্যাসিবাদী আচরণ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। বরং গণতান্ত্রিক পন্থায় সব ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলা করতে চায়।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, সরকারের গণতান্ত্রিক মনোভাব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল অবস্থানের সুযোগ নিয়ে কেউ যেন দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। দলের কোনো নেতাকর্মীর সঙ্গে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বা ওঠাবসা করেন, তাহলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা না করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সহযোগিতা না করলে বিষয়টি তাকে জানানোর জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন কুশলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল রানা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস ও সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান, রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ আলী এবং নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকনসহ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
২ ঘন্টা ৩২ মিনিট আগে
২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ ঘন্টা ৫৭ মিনিট আগে