রাজবাড়ীর গোয়ালন্দে যৌনকর্মী মা, তাঁদের সন্তান, কিশোর-কিশোরী ও সহিংসতার শিকার ব্যক্তিদের (সারভাইভার) অধিকার এবং তাঁদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কমিউনিটি কর্মশালা ও সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ) দুপুর ১২ টার সময় শাপলা মহিলা সংস্থার প্রজন্ম-সোপান প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাপ্পি কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক , গোয়ালন্দ ঘাট থানার প্রতিনিধি সঞ্জয় বৈদ্য এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইব্রাহিম সরদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন শাপলা মহিলা সংস্থার প্রজন্ম-সোপান প্রকল্পের ইমপ্লিমেন্টিং অফিসার মো. খোরশেদ আলম, পায়াকট বাংলাদেশের ম্যানেজার মো. মজিবুর জুয়েলসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে যৌনকর্মী মা, তাঁদের সন্তান, কিশোর-কিশোরী ও সারভাইভারদের অধিকার এবং তাঁদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতনতা ও সংবেদনশীলতা বৃদ্ধি করা। পাশাপাশি সেবা গ্রহণের ক্ষেত্রে প্রচলিত সামাজিক কলঙ্ক, বৈষম্য, অবহেলা ও অসম আচরণের কারণ চিহ্নিত করে তা দূর করার উপায় নির্ধারণ করা।
সভায় শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার, সামাজিক সুরক্ষা ও আইনগত সেবার ক্ষেত্রে সবার জন্য সম্মানজনক ও সমঅধিকারভিত্তিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়ের সেবাদানকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, রেফারেল ব্যবস্থা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষ যেন কোনো ধরনের বৈষম্য, অবহেলা কিংবা সামাজিক কলঙ্কের শিকার না হন, সে বিষয়ে সেবাদানকারী প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তাঁদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং মানবিক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই।
২ ঘন্টা ৩২ মিনিট আগে
২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ ঘন্টা ৫৭ মিনিট আগে