‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টার সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আয়োজনে গোয়ালন্দ উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাপ্পি কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা জরুরি। নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে এবং বেপরোয়া ও অতিরিক্ত গতিতে মোটরযান চালানো থেকে বিরত থাকতে হবে। মোটরসাইকেল চালানো ও আরোহনের সময় মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার করা যাবে না। পাশাপাশি মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী বহন না করে আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের তাড়াহুড়ো করে গাড়ি চালানো পরিহার করতে হবে। অন্যদিকে, পথচারীদের নির্ধারিত স্থান ব্যবহার করে রাস্তা পারাপার হতে হবে। এ ক্ষেত্রে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করা জরুরি। দৌড়ে কিংবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া থেকে বিরত থাকতে হবে। ফুটপাত থাকলে তা ব্যবহার করতে হবে এবং ফুটপাতবিহীন সড়কে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করতে হবে।
তাঁরা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ জন্য পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক, যাত্রী ও সাধারণ পথচারীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত সচেতনতা ও ট্রাফিক আইন মেনে চলার মধ্য দিয়েই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।
২ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ২৫ মিনিট আগে
২ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ ঘন্টা ৪০ মিনিট আগে