প্রকাশের সময়: 26-10-2026 07:49:06 pm
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আজ সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন এবং রেজিস্ট্রার মোঃ সারওয়ার জাহান।
সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সামনে তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সীমাবদ্ধতা, বিশেষত অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় জনবলের সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়টি অবহিত করে এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জাবিপ্রবিকে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রপতির সদয় সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতি ও চ্যান্সেলর উপাচার্যের বক্তব্য শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন তথা ডিপিপির বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে জাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, "মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় চ্যান্সেলর মহোদয়ের সাথে এই সাক্ষাৎটি কেবল একটি প্রাতিষ্ঠানিক পর্ব ছিল না, এটি ছিল এক পরম অভিভাবকসুলভ স্নেহ ও আন্তরিকতার অভিজ্ঞতা। সাক্ষাৎকালে আমরা বিশ্ববিদ্যালয়ের পটভূমি, বর্তমান সমস্যা, ডিপিপি (Development Project Proposal) এবং অবকাঠামো উন্নয়নের বিষয়ে রাষ্ট্রপতির সাথে কথা বলেছি। রাষ্ট্রপতি মহোদয় খুবই আন্তরিকভাবে আমাদের কথা শুনেছেন এবং এই বিষয়গুলো দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, মহামান্য রাষ্ট্রপতির এই সক্রিয় সহায়তা ও পৃষ্ঠপোষকতায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল ও সফল হবে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা জাবিপ্রবির প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ৫৯ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে