প্রকাশের সময়: 13-10-2026 06:46:30 pm
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ব্যবহৃত তিনটি প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে একটি গাছের চারা। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের বকুলতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় প্রতি তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের একটি করে ঘরে রাখার উপযোগী গাছের চারা দেওয়া হচ্ছে। আয়োজকদের লক্ষ্য, প্লাস্টিক বর্জ্য যথাযথভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরি করা।
ছাত্রনেতা রাকিবুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের আহ্বান ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসা জরুরি। পবিপ্রবি ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকাকে প্লাস্টিক দূষণমুক্ত করা এবং ক্যাম্পাসে গাছের পরিমাণ বাড়ানোর লক্ষ্যেই আমাদের এ পরিবেশবান্ধব উদ্যোগ। পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষার্থী ও সর্বসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছি। প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণের মাধ্যমে গ্রিন ক্যাম্পাস গড়ার এ পথচলা অব্যাহত থাকবে।”
ছাত্রনেতা আজিম হাসান দিপু বলেন, “প্রথাগত পরিচ্ছন্নতা অভিযানের পরিবর্তে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে নিজেরাই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ উদ্যোগে পরিচ্ছন্নতার বিনিময়ে শিক্ষার্থীরা পাবেন ছোট্ট পুরস্কার। কার্যক্রমটি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবগত আছেন এবং তিনি আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য উৎসাহ দিয়েছেন।”
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় মাহবুব নাহিদ ও জাহিদ রাতুলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকেরা।
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ৪৯ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে