সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখা। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের সখীপুরে কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) টাঙ্গাইল অভিমুখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ নগরীর সেহরা ধোপাখোলা মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা শাখার চতুর্থ আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকার, হয়রানি ও নির্যাতন প্রতিরোধ এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষাসহ সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, টাঙ্গাইলের সখীপুরে চার সাংবাদিক কারাবন্দি থাকার ঘটনায় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে যেন কোনোভাবেই হয়রানি, নির্যাতন কিংবা অন্যায়ভাবে কারাবন্দি হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।
কারাবন্দি সাংবাদিকদের ন্যায়বিচার ও আইনগত অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের মুক্তির দাবিতে সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সভায় মত প্রকাশ করা হয়।
এ লক্ষ্যে আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ব্যানারে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচিতে অংশ নিতে ওই দিন সকাল ৮ টায় ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট থেকে বাসযোগে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করবেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ কর্মসূচিতে সংগঠনের সর্বস্তরের সাংবাদিক, সদস্য এবং পেশাজীবী গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর নির্যাতন কিংবা অন্যায়ভাবে হয়রানি শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পেশাগত মর্যাদার ওপর আঘাত। সাংবাদিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় কোনো বিভাজন নয়, বরং দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। টাঙ্গাইলের সাংবাদিকদের পাশে দাঁড়ানোও সেই ঐক্য ও সংহতিরই বহিঃপ্রকাশ।
এ ছাড়া সভায় ময়মনসিংহ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ের স্থান নির্ধারণ, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। সংগঠনের অভ্যন্তরীণ তথ্যের গোপনীয়তা রক্ষা এবং যথাযথ সাংগঠনিক অনুমোদন ছাড়া কোনো অভ্যন্তরীণ তথ্য বাইরে প্রকাশ না করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ ইয়াহিয়া আরিফ। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনূর ইসলাম রাব্বি। এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা শাখার কার্যকরী সভাপতি সজীব রাজভর বিপিন। সভায় উপস্থিত সদস্যরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আলোচ্য সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ শুধু একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম নয়, বরং সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার একটি অঙ্গীকার। দেশের যেকোনো প্রান্তে সাংবাদিক নির্যাতন, হয়রানি কিংবা পেশাগত অধিকার ক্ষুণ্ন হওয়ার ঘটনায় সংগঠনটি ন্যায়সংগত ও দায়িত্বশীল ভূমিকা পালনে সচেষ্ট থাকবে। সভায় ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
৭ ঘন্টা ২২ মিনিট আগে
৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ ঘন্টা ২ মিনিট আগে
৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১ ঘন্টা ১ মিনিট আগে
১১ ঘন্টা ১২ মিনিট আগে