প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রংপুরের পীরগাছার চর তাম্বুলপুর জে. এন. দ্বিমুখী দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশের পরিবর্তে গ্রামে গ্রামে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করছে প্রতিষ্ঠানটি।
এরই ধারাবাহিকতায় শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
সমাজসেবক মোতালেব হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজুর রহমান, নুর আলম, জহুরুল ইসলাম ও ইউপি সদস্য রেজাউল করিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৈঠকে শিক্ষার্থীদের নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং শিশু-কিশোরদের মোবাইল ফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সন্তানদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মাদ্রাসার সুপার অলি আহমদ বলেন, প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ অভিভাবক দিনমজুর, শ্রমিক ও ভ্যানচালক। জীবিকার তাগিদে তাঁরা সব সময় প্রতিষ্ঠানে আসতে পারেন না। তাই তাঁদের কাছে শিক্ষার বার্তা ও সচেতনতা পৌঁছে দিতে গ্রামে গ্রামে গিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৮ সাল থেকে নিয়মিত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১৩টি গ্রামে উঠান বৈঠক করা হয়েছে। আরও দুটি গ্রামে এ কার্যক্রম বাকি রয়েছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি জানান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহসুপার ফারুক হোসেন।
৭ ঘন্টা ২২ মিনিট আগে
৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ ঘন্টা ২ মিনিট আগে
৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১ ঘন্টা ১ মিনিট আগে
১১ ঘন্টা ১২ মিনিট আগে