প্রকাশের সময়: 20-10-2026 08:13:36 pm
কিশোরগঞ্জ জেলার ভেটেরিনারি শিক্ষার্থীদের পেশাগত সংগঠন ‘কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বায়েজিদ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী মো. নাজমুল হাসান দায়িত্ব পেয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সংগঠনটির বার্ষিক ‘নবীনবরণ ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে ১১ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই সংগঠনটির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
উপদেষ্টামণ্ডলীর নির্দেশক্রমে নবগঠিত কমিটির অনুমোদন দেন কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নুরুজ্জামান শাহনুর, সহসভাপতি ডা. আবিদ হাসান মুনতাহার ও ডা. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাকিবুল হাসান সাজিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কাওসার আলম ফয়সাল, প্রচার সম্পাদক ডা. হুসাইন রশিদ খান, কোষাধ্যক্ষ ডা. আবুল হাসান রুবেল এবং কার্যনির্বাহী সদস্য ডা. রায়হান মোস্তফা রক্সিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্য ও উপস্থিত শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ও মতামত প্রকাশ করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য জোরদার এবং পেশাগত দক্ষতা বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সভাপতির দায়িত্ব গ্রহণের পর বায়েজিদ মিয়া বলেন, “ভেটেরিনারি শিক্ষার্থীদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে কিশোরগঞ্জ ভেটস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সক্রিয়। এটি ২০১৭ সাল থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শুরু হওয়া কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে সভাপতি হিসেবে আরও কার্যকরী করে গড়ে তুলতে আমি কাজ করব।”
সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের পর মো. নাজমুল হাসান বলেন, “কিশোরগঞ্জের সকল ভেটেরিনারি শিক্ষার্থীদের এক সুতোয় বাঁধা, তাঁদের অধিকার রক্ষা এবং মেধা ও দক্ষতা বিকাশে একটি বলিষ্ঠ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই অ্যাসোসিয়েশন। সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনটিকে সুসংগঠিত, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য থাকবে। আমাদের প্রিয় জেলা কিশোরগঞ্জসহ পুরো দেশের প্রাণিসম্পদ খাতের ইতিবাচক পরিবর্তনে ভেটেরিনারি শিক্ষার্থীরা যেন অগ্রণী ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
নতুন নেতৃত্বের মাধ্যমে কিশোরগঞ্জের ভেটেরিনারি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও দক্ষতা উন্নয়নের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁদের।
২ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ১৯ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে