“প্রকৃতি বাঁচলে বাঁচবে মানুষ, সবুজ পৃথিবী আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতামূলক প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে চানচিয়া ক্লাব, মরিয়ম নগর। এতে সহযোগিতা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্প।
আয়োজিত আলোচনা সভায় প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার রোধের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পাল পুরোহিত ফাদার মাইকেল সরকার, সিএসসি। ফুটবল খেলার উদ্বোধন করেন মরিয়ম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চানচিয়া ক্লাবের সভাপতি রনু নকরেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, টিডব্লিউএ ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান নবেশ খকশি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, মরিয়ম নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনার্শন চাম্বুগং এবং ইউপি সদস্য মিন্টু মিয়া। এ ছাড়া কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের মাঠ সহায়ক অতুল ম্রং ও সহকারী মাঠ সহায়ক রুমেল মৃ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পাশাপাশি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী, বড় গজনী, হালচাটি, তনু একাদশ, বাকাকুড়া ও চানচিয়া ক্লাব এবং শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা ও বাবলাকোনাসহ মোট আটটি দল অংশগ্রহণ করে। আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণসমাজকে সম্পৃক্ত করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশবান্ধব জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়বে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
ফুটবল প্রতিযোগিতায় ঝিনাইগাতীর মরিয়ম নগর চানচিয়া ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, শ্রীবরদীর হারিয়াকোনা সুনদারে ক্লাব রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরস্কার হিসেবে খাসি ও ছাগল দেওয়া হয়। এছাড়াও সেরা খেলোয়াড়দের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৩ ঘন্টা ২৯ মিনিট আগে