আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য বাছাই
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় জয়পুরহাটের আক্কেলপুরে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) জয়পুরহাট জেলা কমান্ডার আব্দুর রাহীদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
বাছাই কার্যক্রমে জয়পুরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহাবুব আলম বলেন, দেশবিরোধী অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি ও অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। এ কারণে দুর্গাপূজায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, ওয়ার্ড থেকে উপজেলা ও জেলা পর্যায় পর্যন্ত সদস্য বাছাইয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি অর্থনৈতিক লেনদেনে জড়িত হতে পারবেন না। আক্কেলপুর উপজেলার ৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তার জন্য মোট ২৫০ জন যোগ্য প্রার্থীকে বাছাই করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জোসনা আক্তার বলেন, দুর্গাপূজায় দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য বাছাইয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কেউ তথ্য দিলে তাকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
এ সময় উপজেলা প্রশিক্ষক হেদায়েত উল্লাহ উপজেলা প্রশিক্ষিকা ইয়াফি উপজেলা আনসার কোম্পানি কমান্ডার দেলোয়ার হোসেন সহ আনসার ও ভিডিপি বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আক্কেলপুর উপজেলার ৩৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য মোট ২৫০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে বাছাই করা হয়েছে