প্রকাশের সময়: 03-09-2026 07:22:31 pm
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের ‘ব্যবস্থাপনা সমিতি-২০২৬’-এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে ভিপি (সহ-সভাপতি) পদে কাজী ইসমাঈল এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে মো. সাফিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোটগ্রহণ ও গননা শেষে বিকেল ২.৩০ মিনিটে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।
সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকার বলে এই সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী পরিষদের মোট ১৭টি পদের মধ্যে ১৪টিতে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে আজ কেবল সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট অংশগ্রহণকারী ভোটার ছিলেন ১৪১ জন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল বিবরণী অনুযায়ী, সহ-সভাপতি পদে ১৪১টি ভোটের মধ্যে ১৩৮টি বৈধ বলে গণ্য হয়। এতে ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী ইসমাইল। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. শাহ্রূখ ইসলাম পেয়েছেন ৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোট ১৪১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ১৩৭টি ভোট বৈধ হয়। এর মধ্যে ৮১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের মো. সাফিন আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদ্রিস ডাক (রাকিবুল ইসলাম রাকিব) পেয়েছেন ৫৬ ভোট।
অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে ১৪১টি ভোটের মধ্যে ১৩৮টি বৈধ ভোটের ভিত্তিতে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের মো. সারোয়ার হাসান সজীব। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪৪ ভোট।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৪ জন হলেন—সহ-সাধারণ সম্পাদক শুভ্র বিশ্বাস (২য় বর্ষ), দপ্তর সম্পাদক মো. উমর আলী (৩য় বর্ষ), ক্রীড়া সম্পাদক মো. মামুনুর রশিদ খান (২য় বর্ষ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সনৎ বণিক (১ম বর্ষ), সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক সোহাগ সরকার (১ম বর্ষ), পাঠ চক্র ও সেমিনার সম্পাদক শাহিন আলম (১ম বর্ষ), ছাত্রী সম্পাদিকা মোছা. দৌলতুন নেছা (৪র্থ বর্ষ) এবং প্রচার সম্পাদক মারিশা রহমান মৌরি (১ম বর্ষ)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৩য় বর্ষের মো. আশানুর রহমান এবং ১ম বর্ষের লুৎফর রহমান, পরশমণি, মো. জায়েদ নুর সায়েম ও আশিক খান আব্দুল্লাহ।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধান নির্বাচন কমিশনার এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্বের বিকাশ ঘটাতেই আমাদের এই প্রচেষ্টা। প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শৃঙ্খলার কারণে নির্ধারিত সময়ের মধ্যেই অত্যন্ত সুষ্ঠুভাবে আমরা নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।’
এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় নবনির্বাচিত সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বিভাগের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে
১৮ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে