জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুবকদের মধ্যে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল হক এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক হারুনুর রশিদ। অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের বিপুল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব। এ জন্য যুবকদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, যুব ঋণ তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, দক্ষ, আত্মপ্রত্যয়ী ও কর্মমুখী যুবসমাজ গড়ে তোলা দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের অন্যতম পূর্বশর্ত। যুবকদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারি উদ্যোগের পাশাপাশি যুবসমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। অপরদিকে, ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ ও গাছের চারা রোপণ করা হয়।
১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে