রাজবাড়ীর গোয়ালন্দে সারাদেশে ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দৌলতদিয়া ঘাট এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দৌলতদিয়া শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নৈরাজ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখবেন।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মিনাল-সংলগ্ন আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরিফের সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের করা হয়। ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ওরফে আশরাফ মেম্বারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী এ মিছিল বের করেন বলে জানা গেছে।
মিছিলটি দৌলতদিয়া টার্মিনাল জামে মসজিদের সামনে পৌঁছালে রাতের দায়িত্বে থাকা গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে ব্যানার ফেলে পালিয়ে যান। পরে মিছিলে অংশ নেওয়া একজনকে ব্যানারসহ আটক করে পুলিশ।
আটক শাওন মন্ডল (২৯) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মজিদ শেখের পাড়া এলাকার বাসিন্দা। তিনি গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র নজরুল মন্ডলের ভাতিজা এবং আইয়ুব মন্ডলের ছেলে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, "সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে লুটপাট, হত্যা, নারী নির্যাতনসহ নানা অপকর্ম করেছে। এখন আবার ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এ দেশের মানুষ আর কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা অরাজকতা দেখতে চায় না।"
তিনি আরও বলেন, "গোয়ালন্দের মাটিতে কোনো অপশক্তিকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় আমরা সব সময় সচেতন ও ঐক্যবদ্ধ রয়েছি। বিএনপি একটি সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক দল। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অন্যায়, সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে কঠোর প্রতিবাদ গড়ে তুলব। কেউ যদি রাজনৈতিক কর্মসূচির নামে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।"
তিনি দেশ ও জনগণের স্বার্থে সবাইকে শান্ত থাকার এবং যেকোনো ধরনের উসকানি ও নৈরাজ্য প্রতিহত করতে সচেতন থাকার আহ্বান জানান।
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ ঘন্টা ১০ মিনিট আগে
৪ ঘন্টা ১২ মিনিট আগে