মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও এসআরবির সদস্যরা টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার-সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের নেতা-কর্মীরা।
এরপর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ। দফায় দফায় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ছয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা টিয়ার শেল নিক্ষেপ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে একই রাতে মাদারীপুর শহরের থানতলী ও রাজৈর উপজেলার পাইকপাড়া এলাকাতেও আওয়ামী লীগের মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে।
৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ ঘন্টা ১ মিনিট আগে
৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ ঘন্টা ৫ মিনিট আগে