শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠা এবং যুবসমাজের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে ‘যুব সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার রাংটিয়া কোচ ভাষা চর্চা কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সেমিনারে কোচ, হাজং, গারো, বর্মণ ও বাঙালি জনগোষ্ঠীর যুবসমাজ অংশগ্রহণ করেন। সেমিনারের প্রতিপাদ্য ছিল “যুবসমাজের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মিলিত উদ্যোগে গড়ে উঠুক শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ”। সেমিনারের উদ্বোধন, অংশগ্রহণকারীদের পরিচিতি এবং আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন এসআইএল শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা। অনুষ্ঠানে ‘শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান’ বিষয়ে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম। ‘সমাজ ও দেশের উন্নয়নে যুবসমাজের দায়িত্ব ও ভূমিকা’ বিষয়ে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এ ছাড়া ‘নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার গঠনে যুবসমাজের ভূমিকা’ বিষয়ে আলোচনা করেন ভারুয়া সীমান্ত মডেল কলেজের প্রভাষক লিপা চিসিম। আলোচনায় শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সমাজ ও দেশের উন্নয়নে তরুণদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। সেমিনারের অংশ হিসেবে দলীয় আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় পর্ব পরিচালনা করেন এসআইএল-এর এরিয়া সুপারভাইজার রুয়েল কোচ। এ পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে সেমিনারের মূল্যায়ন, সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন এসআইএল শেরপুরের এরিয়া ম্যানেজার সুজল সাংমা। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ বিভিন্ন জাতিগোষ্ঠীর যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সহাবস্থানের মনোভাব জোরদার করার পাশাপাশি একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও উন্নয়নমুখী সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
১ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
২ ঘন্টা ২৪ মিনিট আগে