জয়পুরহাটের কালাই থানার ভেতরে কাঠের বাটাম নিয়ে ঢুকে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চারটি সেলাই দিতে হয়েছে।
ঘটনার পর পলাতক আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাঁকে জয়পুরহাটের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা কম্পাউন্ডের ভেতরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আসলাম হোসেন কালাই উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তাঁর পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। রকি সরে যাওয়ায় আঘাতটি তাঁর বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন।
পরে তাঁকে আটকানোর চেষ্টা করলে আসলাম ড্রাইভার কনস্টেবল মো. মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাঁকে আটকাতে গেলে ওই সদস্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি গুরুতর জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে দৌড়ে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান আসলাম।
আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য ও জুয়া-সংক্রান্ত আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় আমি মন্ত্রীর দায়িত্ব পালনে নিয়োজিত ছিলাম। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ ঘন্টা ৪০ মিনিট আগে