গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজার সংলগ্ন আইএফআইসি ব্যাংকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংকের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ,আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ খোকনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা অংশ নেন।
পরে ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আইএফআইসি ব্যাংকের দীর্ঘ ৫০ বছরের পথচলা, গ্রাহকসেবা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, “একটি ব্যাংক পরিচালনা করা এবং দীর্ঘ সময় ধরে সেই ব্যাংককে এগিয়ে নেওয়া নিঃসন্দেহে একটি সাফল্যের বিষয়। আইএফআইসি ব্যাংক আজ ৫০ বছর পূর্ণ করেছে—এটি আনন্দের ও গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে ব্যাংকটির সুনাম অটুট রয়েছে। ব্যাংককে এগিয়ে নিতে যারা পরিশ্রম করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।”
উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ বলেন, “আইএফআইসি ব্যাংক দীর্ঘদিন ধরে মানুষের আর্থিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের পাশে থেকে ব্যাংকটি আরও এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।”
আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন বলেন, “আমাদের গোয়ালন্দ শাখার কার্যক্রম ২০১৮ সাল থেকে শুরু হয়েছে। প্রায় আট বছর ধরে আমরা সুনামের সঙ্গে মানুষের আর্থিক সেবা দিয়ে আসছি। আমাদের শাখার ব্যবসায়িক প্রবৃদ্ধিও ভালো। গ্রাহকদের জন্য ব্যাংকের বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। ভবিষ্যতেও আমরা আরও ভালো সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহকদের আস্থা ধরে রাখতে চাই।”
আলোচনা সভা শেষে কেক কেটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।