সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় আছাফুর রহমান (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি আবু সুফিয়ানের বাবা বলে জানা গেছে।
দেবহাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. ইব্রাহিম মোল্ল্যার নেতৃত্বে পুলিশের একটি দল রোববার সকালে কদমখালী এলাকায় অভিযান পরিচালনা করে আছাফুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকার একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একদল ব্যক্তি অস্ত্রের মুখে খামার মালিকের স্বজনদের জিম্মি করে খামারে প্রবেশ করে।
এ সময় তারা খামার থেকে প্রায় ৬৫০টি সোনালি জাতের মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একই সঙ্গে খামারে ভাঙচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
ঘটনার পর কদমখালী গ্রামের বাসিন্দা ও পোল্ট্রি খামারি আনছার আলী বিশ্বাস দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে আছাফুর রহমানের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ ঘন্টা ১ মিনিট আগে
৮ ঘন্টা ১০ মিনিট আগে