দেশে সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা সোমবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের মাথে মতবিনিময় করেছেন। সভায় দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার করেছে দলটির উপজেলা শাখা।
সভায় লিখিত বক্তব্যে এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল মতিন বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিল নয়, বরং সাধারণ মানুষের সেবা এবং ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখাই তাঁদের রাজনীতির মূল উদ্দেশ্য। ঈশ্বরগঞ্জের সন্তান শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের আত্মত্যাগ ও আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে এসেছেন বলেও উল্লেখ করেন।
সম্প্রতি ঈশ্বরগঞ্জে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এনসিপির উপজেলা শাখার সদস্যসচিব মোহাইমিনুল ইসলাম শিহাব এবং জাতীয় যুবশক্তি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হাসানুর রহমান সজিব। তাঁরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ড বন্ধ করে এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে হবে।
ঈশ্বরগঞ্জের উন্নয়নে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে শেখ মোহাম্মদ আব্দুল মতিন বলেন, সরকারি-বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি থেকে মুক্ত রাখতে কাজ করতে চান তাঁরা। পাশাপাশি স্কুল-কলেজে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় চিকিৎসাকেন্দ্রগুলোতে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চান।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলা, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনেও কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সার-বীজের সহজলভ্যতা বাড়ানোর বিষয়টিও তাঁদের অগ্রাধিকারে রয়েছে।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের যথাযথ সম্মান, পুনর্বাসন ও সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এনসিপির এই নেতা।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শেখ মোহাম্মদ আব্দুল মতিন বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীতে এলাকার প্রকৃত চিত্র উঠে আসে। ঈশ্বরগঞ্জের উন্নয়নে তাঁদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা চান তাঁরা। দলের কোনো ভুল-ত্রুটি থাকলে তা নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা তাঁরা সাদরে গ্রহণ করবেন।
জাতীয় যুবশক্তি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হাসানুর রহমান সজিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এনসিপির উপজেলা শাখার সদস্যসচিব মোহাইমিনুল ইসলাম শিহাব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব শেখ মাহমুদ নানক, জাতীয় ছাত্রশক্তি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সাকিবুজ্জামান, সদস্যসচিব মিনহাজুল আলম মোমেন, মুখ্য সংগঠক রুহুল আমিন, এনসিপির উপজেলা শাখার সদস্য মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ কবির মিয়া এবং জাতীয় যুবশক্তির উপজেলা শাখার সদস্য জাহিদুল ইসলাম রবি প্রমুখ।
১ ঘন্টা ৫ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ২৮ মিনিট আগে