জমজমাট ফাইনালে দর্শকদের উপভোগ্য ফুটবল উপহার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালীঘাট রোড স্পোর্টস একাডেমি আয়োজিত ‘একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সপ্তম আসরের (সিজন-৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ এ ফাইনালে আল আমিনের দলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মতিউর রহমানের দল।
ফাইনাল ম্যাচে দুই দলে একাডেমির পাঁচজন করে খেলোয়াড়ের পাশাপাশি বাইরের পাঁচজন করে খেলোয়াড় অংশ নেন। দুই দলের হয়ে মাঠে নামেন একজন করে নাইজেরিয়ান ফুটবলার। আল আমিনের দলের হয়ে খেলেন ইভান্স এবং মতিউর রহমানের দলের হয়ে খেলেন চার্লস চোকা। এ ছাড়া শ্রীমঙ্গল, হবিগঞ্জ ও শেরপুরের বেশ কয়েকজন পরিচিত ও দক্ষ ফুটবলার দুই দলে অংশ নেন।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে সুফিলের গোলে এগিয়ে যায় আল আমিনের দল। তবে এক মিনিট পরই অধিনায়ক ইমরানের আত্মঘাতী গোলে সমতায় ফেরে মতিউর রহমানের দল। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে উত্তেজনা আরও বাড়ে। অধিনায়ক জুয়েলের দুর্দান্ত হেডে গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মতিউর রহমানের দল। এরপর ইমানীর চমৎকার শটে ব্যবধান ৩-১ করেন তারা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আল আমিনের দল। একপর্যায়ে ইভান্সের জোরালো শটে ব্যবধান কমে দাঁড়ায় ৩-২। শেষ মুহূর্ত পর্যন্ত দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মতিউর রহমানের দল।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভাপতি ইসমাইল হোসেন, শ্রীমঙ্গল উপজেলার সাবেক ফুটবল কিংবদন্তি আলতাফ হোসেন মোর্শেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব মো. এহসানুল হক, মিজানুর রহমান, কাজী জাহেদ আহমেদ মনি, বাছিত মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিঘাট রোড স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহিন আহমেদ, নুরুল ইসলাম নুরু, হাফিজ আহমেদ, রমজান আহমেদ, সবুজ আহমেদসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা।
টুর্নামেন্টের এ আয়োজন ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৫ ঘন্টা ১২ মিনিট আগে
৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ ঘন্টা ১১ মিনিট আগে
১১ ঘন্টা ৪২ মিনিট আগে