বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মাদ্রাসা ছাত্রী শিশু ফারিয়াকে দ্রুত খুঁজে বের করে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বানিয়াচংয়ে এলাকা বাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফারিয়ার পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফারিয়া নিখোঁজ হওয়ার পর বেশ কয়েকদিন পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত ফারিয়াকে খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
জানা যায় , গত বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) আসরের নামাজের পর থেকে বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পুর্ব ইউনিয়নের দারুল হিকমা একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী ফারিয়া নিখোঁজ হয় । সে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোঁয়াজ আলী মিয়ার কন্যা। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
বক্তারা ফারিয়ার সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ফারিয়াকে উদ্ধারে সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়।
মানববন্ধনে ফারিয়ার পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।