ভোলার তজুমদ্দিনে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন জাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের খাসের হাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি রাজনৈতিক বিশৃঙ্খলা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকে গ্রেপ্তারে বুধবার সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় গভীর রাতে জামাল উদ্দিন জাবুকে গ্রেপ্তার করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামাল উদ্দিন জাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।
তবে জামাল উদ্দিন জাবুর পরিবারের দাবি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে কখনো জড়িত ছিলেন না। পরিবারের সদস্যদের অভিযোগ, শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, জামাল উদ্দিন জাবুর বিরুদ্ধে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ সঠিক নয় এবং তারা তার ন্যায়সংগত বিচার দাবি করেন।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ১৬ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে