মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে অমিত হাসান (২৪) নামে এক চালক নিহত হয়েছেন।
গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়কের প্রতাব নাথ বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত হাসান উপজেলার ছয়সূতী পূর্বপাড়া গ্রামের মরহুম কামাল মিয়ার বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ট্রাক্টর চালিয়ে কৃষিজমিতে হালচাষের কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে অমিত হাসান একটি ট্রাক্টর নিয়ে কৃষিজমিতে হালচাষের কাজে যাচ্ছিলেন। একপর্যায়ে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়ক পার হওয়ার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাক্টরটির নিচে চাপা পড়েন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
অমিত হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।