পরিবেশ অধিদপ্তর ও শেরপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা শহরের দুর্গানায়ায়ণপুর এলাকায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ‘শাহজাদা ফুড’ নামে একটি খাদ্য প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩০ জুন সোমবার দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শেরপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং শেরপুর সদর থানার পুলিশ। জানা যায়, দীর্ঘদিন ধরে ‘শাহজাদা ফুড’ কোনো পরিবেশগত ছাড়পত্র না নিয়ে অস্বাস্থ্যকর ও অস্বাভাবিক পরিবেশে চানাচুর, সেমাই, ভাজা বুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। এ সময় কারখানার ভেতরে খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ মেলে। ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদনস্থলের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও ঝুঁকিপূর্ণ। অভিযানকালে প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. শাকিল (৩২), পিতা- মো. আবু তাহের, গ্রাম- সালিয়া বালিয়া, ফুলপুর, ময়মনসিংহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানায় উৎপাদিত বেশ কিছু অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ধ্বংস করা হয়। পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, “জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
১ ঘন্টা ১৯ মিনিট আগে
৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ ঘন্টা ০ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৬ ঘন্টা ৪৮ মিনিট আগে