জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বর্তমান যুগে এসে মোবাইলফোনের আসক্তি, আমাদের কিশোর, যুবক শ্রেণিকে খেলাধূলা থেকে যথেষ্ট দুরে রেখেছে। আমাদের যুবকরা খেলাধূলায় মনোযোগী হবে, দেশ গঠনে ভূমিকা রাখবে। দক্ষ মানবসম্পদ তৈরি হবে-এটাই আমাদের প্রত্যাশা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার দেউতি পুরাতন মাঠে স্বপ্নধারা সমাজসেবা ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সামনের দিনেও এই অঞ্চলের মানুষেরা। এই অঞ্চলের শিশু, কিশোর, তরুণ, যুবকদের খেলাধূলার ক্ষেত্রে ভূমিকা থাকবে।
ব্যবসায়ী ইমরান হাসান মারুফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, ফজলুল হক, সদস্য আব্দুল গনি, উপজেলা জাতীয় যুবশক্তির সংগঠক ফারদিন এহসান মাহিম ও শামিম হোসেন।
ফাইনাল খেলায় লায়ন্স স্পোর্টিং ক্লাব বনাম এডুভেশন ফ্যামিলি অংশগ্রহণ করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর লায়ন্স স্পোর্টিং ক্লাব শূন্য এক গোলে এডুভেশন ফ্যামিলিকে পরাজিত করে। পরে রানার্স আপ ও চ্যাম্পিয়নদের পুরস্কার হিসেবে নগদ অর্থ ও গাছের চারা বিতরণ করেন অতিথিরা।