|
Date: 2026-11-28 22:42:44 |
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালীতে ৫০টি অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ২০২৬-২৭ সালের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে গোলখালী প্রতিনিধি হাফেজ মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং পৌরসভা প্রতিনিধি হাফেজ মুহাম্মদ সাখাওয়াত হোসাইন তানিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিসবাহ উদ্দিন।
বিতরণ কার্যক্রমে প্রত্যেক উপকারভোগীকে একটি করে কম্বল, একটি জ্যাকেট, একটি শীতের টুপি, এক জোড়া মোজা এবং দুটি দাওয়াহ বই দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণের আগে উপকারভোগীদের উদ্দেশে সংক্ষিপ্ত নসিহত পেশ করেন উপজেলা সিনিয়র প্রতিনিধি হা. মাও. নূরুল ইসলাম। এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা প্রতিনিধি হা. মাওলানা মাহমুদুল হাসান।
তিনি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য। ইতিপূর্বেও গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আগামী মাসের মধ্যে গলাচিপার বেশ কয়েকটি চরাঞ্চলে ‘উইন্টার গিফট’ নামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গলাচিপায় বর্তমানে ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্প চলমান রয়েছে। এ ছাড়া ঘর নির্মাণসহ বড় পরিসরের কয়েকটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলছে। ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
শীতবস্ত্র ও উপহারসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারাও। এ সময় তাঁরা ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করেন।
© Deshchitro 2024