নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রথমবারের মতো শেরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নারী মিনি ম্যারাথন-২০২৬। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ বিভিন্ন বয়সের প্রায় ৫০০ নারী অংশগ্রহণ করেন।


সকাল ৬টা ১৫ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে পতাকা সংকেতের মাধ্যমে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অষ্টমীতলা, শেরীব্রীজ মোড়, জেলা পরিষদ, সোনার বাংলা বাসস্ট্যান্ড ও শেরপুর সরকারি কলেজ মোড় হয়ে প্রায় ছয় কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগীরা ডিসি উদ্যানে গিয়ে দৌড় শেষ করেন।


ম্যারাথনে জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের অনেকে ম্যারাথনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


শীতের সকালে বিভিন্ন বয়সী নারীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।


ম্যারাথন শেষে ডিসি উদ্যানে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন সংরক্ষিত নারী আসন-১৫-এর মনোনীত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ২৫ জন প্রতিযোগীর গলায় সম্মাননা পদক পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শীর্ষ ১০ জন প্রতিযোগীকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এ ছাড়া চতুর্থ স্থান অধিকারী প্রতিযোগীকে মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়ার পক্ষ থেকে একটি বাইসাইকেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়।


অনুষ্ঠানে অতিথিরা বলেন, নারীর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর নিরাপদ ও সক্রিয় অংশগ্রহণের পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুস্থ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি পুরুষদের জন্যও ম্যারাথন আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।


অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নারী মিনি ম্যারাথন-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক। বিশেষ করে শেরপুর জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।


নারীদের সুস্বাস্থ্য, আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণকে উৎসাহিত করার মধ্য দিয়ে শেরপুরে নারী মিনি ম্যারাথন-২০২৬ একটি সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে সমাপ্ত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024