|
Date: 2026-11-26 21:46:49 |
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সুরক্ষা ও নিরাপত্তা, অনলাইনে কুতথ্য, গুজব, অপতথ্য, ফ্যাক্ট চেকিংসহ ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার ও দক্ষতা উন্নয়নে শেরপুরে যুবদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহায়তায় নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এ প্রশিক্ষণের আয়োজন করে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার শেরপুর শহরের রঘুনাথ বাজার হোটেল আয়সার ইন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জনউদ্যোগ শেরপুর যুব গ্রুপের ২০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। জনউদ্যোগ শেরপুর কমিটির সদস্যসচিব হাকিম বাবুল-এর সঞ্চালনায় এতে প্রশিক্ষণ প্রদান করেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। তাকে সহায়তা করেন ওয়েব ডেভেলপার মো. মিনহাজ উদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইডি’র আইপি ফেলো সুমন্ত বর্মন। প্রশিক্ষণে এআই ব্যবহারের বিভিন্ন ধরনের টুলস, প্রম্পট, কুতথ্য, গুজব, অপতথ্য, ডিপ ফেইক, হেটস্পিচ, ফ্যাক্ট চেকিং টুলস এবং সাইবার নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় জানানো হয়, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের জীবন, সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এর সঠিক ব্যবহার যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলছে, তেমনি অপব্যবহার তৈরি করছে নানা ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ। এজন্য এআই ও তথ্যপ্রযুক্তির সীমাবদ্ধতা এবং ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে। অনলাইনে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তে ফ্যাক্ট-চেকিং দক্ষতা তৈরি করে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে একটি সচেতন ও নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তোলা, যাতে তথ্যপ্রযুক্তি ও এআই-এর সঠিক, নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা যায়। এজন্য প্রযুক্তিকে ভয় নয়, সচেতনতা, দক্ষতা ও দায়িত্বের সঙ্গে ব্যবহারের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।
© Deshchitro 2024